মুফতি ওমর ফারুক রাহ. একজন দক্ষ সংগঠক ছিলেন—
জান্নাতবাসী হোন প্রিয়নেতা। ২০১৭ সালের ২জুলাই। রোববার দুপুর ২টা। ছাত্র জমিয়ত বাংলাদেশের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক রাহিমাহুল্লাহ কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুফতি ওমর ফারুক একজন দক্ষ সংগঠক ছিলেন। তরুণ মেধাবী আলেম হিসেবে জীবনের প্রতিটি ধাপে সফলতার স্বাক্ষর রেখে আসছিলেন। কিন্তু তাঁর আকস্মিক ইন্তেকাল যেনো দেদীপ্যমান একটি তারকার অনাকাঙ্ক্ষিত পতন। তাঁর মৃত্যুতে ছাত্র রাজনীতি একজন উদীয়মান ও প্রবল সম্ভাবনাময় রাজনৈতিক কর্মীকে হারিয়েছে। ছাত্র জমিয়ত হারিয়েছে একজন যোগ্য কান্ডারীকে। সংগঠনের পরীক্ষিত, ত্যাগী ও নিষ্ঠাবান এক নেতাকে হারিয়ে আমরা সেদিন বিমর্ষ হয়ে পড়েছিলাম। ছাত্র জমিয়তের সাংগঠনিক অগ্রযাত্রায় তার অনস্বীকার্য অবদান রয়েছে। সংগঠনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
মুফতি ওমর ফারুক তার রাজনৈতিক জীবনে শীর্ষ ইসলামী নেতৃবৃন্দের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। ত্যাগ, নিষ্ঠা ও সততা ছিলো তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। ছাত্রসমাজের স্বার্থে সাহসী ও অগ্রণী ভূমিকা রেখেছেন। দেশ ও দেশের মানুষকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন। দেশ ও দেশের মানুষের উন্নতি সাধনের লক্ষে ঐতিহ্যবাহী রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তের লক্ষ্য বাস্তবায়নে সদা তৎপর ছিলেন।
মহান আল্লাহ তা’আলা মরহুমের ভুল-ত্রুটি ক্ষমা করে দারাজাত বুলন্দ করুন। জান্নাতুল ফেরদাউসের আ’লা মাকাম দান করুন। আমীন!
এই কন্টেন্ট শেয়ার করুন: